ডিপিএলের সূচি ঘোষণা | Daily AjKaler Kontho

ডিপিএলের সূচি ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ১:১৬ অপরাহ্ন
ডিপিএলের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : গায়ে গায়ে টুর্নামেন্ট আর সিরিজ, একটুও যেন দম ফেলার সময় নেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের। মাত্রই শেষ হলো বিপিএল, আগামী ১ মার্চ এই মাঠেই শুরু হবে ইংল্যান্ড সিরিজ। তিনটি করে ওয়ানডে আর টি২০ ম্যাচ খেলে যাওয়ার পরই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ১৪ মার্চ মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে। এর পরের দিনই শুরু ডিপিএল।

এবারও ঢাকা লিগের বেশিরভাগ ম্যাচ হবে মিরপুর আর বিকেএসপিতে। বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে। গতকাল প্রিমিয়ার ডিভিশন খেলা সব ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

তিনি জানান, ঈদুল ফিতরের আগপর্যন্ত চলবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু হবে সুপার লিগ পর্ব। আগেরবার করোনার কারণে টি২০ ফরম্যাটেও হলেও এবার হবে ওয়ানডে ফরম্যাটে। ২ ও ৩ মার্চ প্লেয়ার বাই চয়েজে ক্রিকেটারদের দল বদলের কথা রয়েছে।

ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর মিরপুরে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট। ওই সময়ের ম্যাচগুলো ফতুল্লায় হতে পারে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান। বিদেশি ক্রিকেটার হিসেবে একাধিক ক্রিকেটারকে নিবন্ধন করা গেলেও একাদশে একজনকেই রাখা যাবে।

তবে এবারও ডিপিএল টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যাপারে কোনো অগ্রগতি নেই।