মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ জন | Daily AjKaler Kontho

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ জন

আজকালের কন্ঠ ডেস্কঃ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নয়াচর এলাকার হক খাঁর ছেলে মিন্টু খাঁর সঙ্গে কুদ্দুস ফরাজীর ছেলে ফরিদ ফরাজীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জেরে বৃহস্পতিবার রাতে আবারও দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চার জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘আহত অবস্থায় বেশ কয়েকজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চার জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি মনোয়ার।