রাজ–পরীমনি | Daily AjKaler Kontho

রাজ–পরীমনি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ১:০১ অপরাহ্ন
রাজ–পরীমনি

আজকালের কন্ঠ ডেস্ক : গত বছরের শেষভাগে পরীমনির ফেসবুক পোস্ট ধরে তাঁর সঙ্গে শরীফুল রাজের সম্পর্কে ফাটলের ইঙ্গিত পাওয়া যায়। সেটি আরও স্পস্ট হয় বছরের শেষ দিনে এসে। গতকাল বছরের প্রথম দিনেও আলোচিত ছিলেন তাঁরা।
গত শুক্রবার রাতে পরীমনি এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে জরুরি আর কিছুই নাই।’ অভিনেত্রীর এই পোস্ট থেকেই শরীফুল রাজের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের যে ইতি ঘটছে, সেটি স্পষ্ট হয়। পরে শনিবার সকালে পরীমনি প্রথম আলোকে জানান, সন্তানকে নিয়ে তিনি বসুন্ধরার বাসা থেকে বের হয়ে গেছেন। শিগগিরই রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠাবেন।

পরীমনির ফেসবুক পোস্ট নিয়ে তুমুল আলোচনার মধ্যে শনিবার রাতে খবর আসে, রাজ ও পরীমনির সম্পর্কের বরফ গলেছে; তাঁরা এখন বসুন্ধরার বাসায় একসঙ্গেই আছেন। পরীমনি ও রাজের অনুসারীরা এ খবরে স্বস্তির নিশ্বাস ফেললেও রাত পোহাতেই বদলে যায় দৃশ্যপট। আগের ঘটনার রেশ ধরেই সারা দিনই খবরে ছিলেন পরীমনি ও রাজ। সকাল ও বিকেলে আলাদা স্ট্যাটাস দিয়েছেন পরী। দিনটি শুরুই হয় পরীর স্ট্যাটাস দিয়ে—এবার রক্তারক্তি অবস্থা! রোববার ভোর পাঁচটায় ছোপ ছোপ রক্তমাখা বালিশ ও বিছানার চাদরের ছবি ফেসবুকে পোস্ট করে পরীমনি সংবাদ সম্মেলনে আসার ঘোষণা দেন। মন্তব্যের ঘরে সবাই জানতে চাইছেন, কী ঘটেছে? বিষয়টি নিয়ে দিনভর নানা নাটকীয়তার মধ্যে চুপ ছিলেন শরীফুল রাজ। গতকাল বেলা দুইটায় প্রথম আলোকে শরীফুল রাজ বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

সংবাদ সম্মেলনে না এলেও গতকাল বিকেলে ফেসবুকে আরেকটি পোস্টে পরীমনি লিখেছেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন শতকোটিবার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়াল। আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার অ্যাফোর্টে টিকে ছিল শুধু।’

রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেছেন বলেও পোস্টে উল্লেখ করেন পরীমনি। এরপর সবার নজর ছিল রাজ কী বলেন সেদিকে। কিন্তু রাজ আর বিষয়টিতে মুখ খোলেননি। ফেসবুকে পোস্ট তিনি দিয়েছেন ঠিকই। তবে গতকাল বিকেলে ছেলে রাজ্যকে কোলে নিয়ে তোলা একটি ছবি দিয়ে কেবল ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজ।