আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর সরকারি কলেজের অডিটরিয়ামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি রাশেদা সুলতানা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। রংপুর সিটি নির্বাচনে যত ইভিএম দরকার তার থেকে দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালে ইভিএমে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞরা তাৎক্ষণিক সমাধান করবেন। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কমিশন কাজ করছে। নির্বাচন সুষ্ঠু করতে আইনি কাঠামোয় যা যা দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কর্মকর্তার ওপর কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মেয়র পদে ৯ জনসহ সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :