স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাষ্ট্রদূতদের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের পুলিশ বাহিনী বিশেষ বিশেষ রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয়ে সর্বদা সজাগ থাকে। এ কারণে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ঘাটতি হয়েছে বলে আমরা মনে করি না। কারণ সেখানে এমন কিছু হয়নি যার কারণে তার নিরাপত্তা বিঘ্নিত হবে। ভুল বোঝাবুঝির কারণেই এমনটি হয়ে থাকতে পারে।
বুধবার দুপুরে রাজশাহী পুলিশ লাইনসে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের একটি আইন আছে, একটি সংবিধান আছে। যে সংবিধানকে ফলো করে আমরা চলছি। সেই সংবিধানে কোনো জায়গাতেই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই আসে না। পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, এভাবেই আমাদের দেশে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসীর প্রত্যাশা করে, আমরাও সেটা চাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী বিরোধী দলের মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামীতেও হবে।
ম্যুরাল উদ্বোধনের পর জেলা পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ আবু হাসান মোহাম্মদ তারিক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেছা তালুকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :