মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ যেমন হতে পারে | Daily AjKaler Kontho

মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ যেমন হতে পারে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ৭:৫৫ অপরাহ্ন
মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ যেমন হতে পারে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপের আসরে শিরোপা নির্ধারণী ফাইনালে উঠতে পারেনি মরক্কো ও ক্রোয়েশিয়া। তাই এই দুই দল মরুর বুকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। যেখানে তারা নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছিল। অন্যদিকে আফ্রিকার দেশ মরক্কো এবারই প্রথম সেমিফাইনালের গণ্ডি পার করেছে। ফলে তাদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে।

এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। যেখানে ১৯৬৬ সালে প্রথমবারের দেখায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্রোয়াটরা। আর শেষ ম্যাচটি হয়েছিল চলমান বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এই ম্যাচে মাঠে নামার আগে ক্রোয়েশিয়া শিবিরে একাধিক চোট সমস্যা দেখা দিয়েছে। তাই মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ ও ডিফেন্ডার জোসিপ জুরানোভিচ সম্ভবত একাদশে থাকছেন না।

অপরপ্রান্তে মরক্কো শিবিরেও চোটের সমস্যা আছে। অধিনায়ক রোমেইন সাইস, নৌসাইর মাজরাউইন ও নায়েফ আগুয়ের্ড পুরোপুরি ফিট নন। ফলে এই ম্যাচে তাদের দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

মরক্কোর সম্ভাব্য একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ হাকিমি, আশরাফ দারি, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ: দমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ স্ট্যানিসিচ, দেজান লোভরেন, জোসিপ সুতালো, বোর্না সোসা, লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, ক্রিস্তিয়ান জ্যাকিচ, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ ও নিকোলা ভ্লাসিচ।