কবে হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

কবে হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২২, ৬:০৯ অপরাহ্ন
কবে হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে দুই বছর স্থগিত থাকার পর বিশ্ব ইজতেমা আবারো শুরু হচ্ছে। ২০২৩ সালের জানুয়ারিতে দুই পর্বে এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ১৩ জানুয়ারি। এই পর্বে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন।

তিনদিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ছয়দিনের বিরতির পর ২১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, আগের মতো টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে বিশ্ব ইজতেমা নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত হয়। তখন আমরা দুই গ্রুপের নেতাদের ডেকে বলেছিলাম যে একসঙ্গে ইজতেমা করলে সেটা কিভাবে করবেন, আর যদি আলাদা করেন তাহলে কে আগে এবং কে পরে সেটা জানান। তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। তারপর আমরা দুই গ্রুপের জন্য দুইটি তারিখ আগের বারে ঠিক করে দিয়েছিলাম।’

তিনি বলেন, তারা এবারো একসঙ্গে করতে রাজী হননি। এবার জোবায়ের গ্রুপ ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। আর ওয়াসেক গ্রুপ ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। প্রথম পক্ষ ইজতেমা শেষে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবেন। তারা দ্বিতীয় দফা ইজতেমার জন্য মাঠ প্রস্তুত করবেন।

এছাড়া এবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকালের কন্ঠ /রাকিব