প্রধান বিচারপতি করোনা নেগেটিভ, সুস্থ আছেন: আইনমন্ত্রী | Daily AjKaler Kontho

প্রধান বিচারপতি করোনা নেগেটিভ, সুস্থ আছেন: আইনমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২০, ১২:৫৩ অপরাহ্ন
প্রধান বিচারপতি করোনা নেগেটিভ, সুস্থ আছেন: আইনমন্ত্রী

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা টেস্ট করিয়েছিলেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে বৃহস্পতিবার (৪ জুন) মন্ত্রী বলেন, ২৩ মে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। ওই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রধান বিচারপতির বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে আনিসুল হক বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি কোভিড-১৯ আক্রান্ত নন।

এদিকে এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি সুস্থ আছেন। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে।

সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়। গত দুদিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে সই দেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই,- বলা হয় বিবৃতিতে।