দেশে ২৪ ঘণ্টায় আরও ৯৪ করোনা রোগী শনাক্ত, ৬ জনের মৃত্যু | Daily AjKaler Kontho

দেশে ২৪ ঘণ্টায় আরও ৯৪ করোনা রোগী শনাক্ত, ৬ জনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২০, ২:৫৭ অপরাহ্ন
দেশে ২৪ ঘণ্টায় আরও ৯৪ করোনা রোগী শনাক্ত, ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ জনে।  এছাড়া মারা গেছেন আরো ৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের।

শুক্রবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের প্রায় ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭ হাজার ৯১২ জন এবং মারা গেছেন ৯৫ হাজার ৮১৩ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ৫৭ হাজার ১৮০ জন।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর।

বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি একাধিক এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।