ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার স্থান প্রস্তুত: বেলারুশ | Daily AjKaler Kontho

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার স্থান প্রস্তুত: বেলারুশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২২, ৩:৩৪ অপরাহ্ন
ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার স্থান প্রস্তুত: বেলারুশ

বেলারুশ বলেছে যে, ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠানের জন্য তারা একটি স্থান প্রস্তুত করেছে। সোমবার বিবিসি এ খবর জানায়।

দেশটির স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো হামলায় যোগ দিতে সেনা পাঠাতে প্রস্তুত- এমন খবর সত্ত্বেও ইউক্রেন-বেলোরুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে সম্মত হয়েছে ইউক্রেন।

রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ একটি দীর্ঘ টেবিলের ছবি প্রকাশ করে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টে জানিয়েছে, ‘বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে, প্রতিনিধিদলের আগমন প্রত্যাশিত।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেন, ‘প্রতিনিধিদলের সবাই আলোচনার স্থানে পৌঁছানোর সাথে সাথেই আলোচনা শুরু হবে।’

ইউক্রেন বৈঠকে কোনো ছাড় না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন না যে, আলোচনা থেকে কোন ফলাফল আসবে।

তিনি বলেন, ‘সব সময়ের মতো- আমি সত্যি বিশ্বাস করি না যে, এই বৈঠক থেকে কোন ফলাফল আসবে। কিন্তু তারপরও তাদের চেষ্টা করতে দিতে হবে।’