সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪ ঘটিকায় ভোমরা স্থলবন্দর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী এবং যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ সাহিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান, জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জেলা তাঁতী দলের সভাপতি সাহরিয়ার রিপন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তহারা দলের সভাপতি সাইদুর রহমান পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও বন্দর পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও নানা বাধা-বিপত্তির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। বক্তারা আরও বলেন, ভোমরা স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এ বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র বা নৈরাজ্য প্রতিরোধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।

তারা বলেন, কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনেও সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ করবেন বলে সমাবেশ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়।