মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ইউএনওর | Daily AjKaler Kontho

মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ইউএনওর


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ইউএনওর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে (খুলনা-ব-১১৫) নম্বরের একটি বাসের পেছনের অংশের আসনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি জানান,বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।