
রাঙ্গামাটির পাহাড়ি কৃষিতে উচ্চমূল্যের মসলা ফসল গোলমরিচ চাষের সম্ভাবনা বাড়ছে। প্রচলিত ফসলের পাশাপাশি কৃষকদের বিকল্প অর্থকরী ফসল উৎপাদনে উৎসাহিত করতে জেলার বাঘাইছড়ি উপজেলায় উন্নত জাতের জৈন্তিয়া গোলমরিচের প্রদর্শনী চাষের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এ উদ্যোগ সফল হলে পার্বত্য অঞ্চলের কৃষিতে ফসলের বহুমুখীকরণের পাশাপাশি কৃষকদের আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মধ্যে গোলমরিচের চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রদর্শনী চাষের জন্য প্রত্যেক কৃষককে ৫০টি করে জৈন্তিয়া জাতের গোলমরিচের চারা দেওয়া হয়েছে। পাশাপাশি চাষাবাদের সহায়তায় ৩৫ কেজি জৈব সার, ১২ কেজি ইউরিয়া, ৮ কেজি এমওপি, ৮ কেজি টিএসপি এবং ২০০ গ্রাম বালাইনাশক বিতরণ করা হয়।
উপকারভোগী কৃষক মো. ওসমান গনি জানান, গত বছর গোলমরিচ চাষ করে তিনি ভালো ফলন পেয়েছেন। এবার কৃষি বিভাগের সহযোগিতায় আরও বেশি চারা পেয়েছেন। এতে তাঁর চাষ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষি সংশ্লিষ্টদের মতে, রাঙ্গামাটির পাহাড়ি অঞ্চলে উপযোগী মসলা ফসলের চাষ সম্প্রসারণ করা গেলে কৃষির বহুমুখীকরণে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে গোলমরিচের মতো উচ্চমূল্যের ফসলের উৎপাদন ও বাজারজাতকরণের সুযোগ তৈরি হলে কৃষকদের বাড়তি আয়ের পথ উন্মুক্ত হতে পারে। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন উপযুক্ত চাষপদ্ধতি, নিয়মিত কৃষি পরামর্শ, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা।
বাঘাইছাড়িতে শুরু হওয়া এই প্রদর্শনী চাষের ফলাফল ভবিষ্যতে রাঙ্গামাটির অন্যান্য এলাকার কৃষকদেরও গোলমরিচ চাষে আগ্রহী করে তুলতে পারে। ফলে পাহাড়ি কৃষিতে নতুন অর্থকরী ফসল হিসেবে গোলমরিচের সম্ভাবনা যাচাইয়ের একটি সুযোগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :