শরীয়তপুরে সখিপুরের আরশিনগর ইউনিয়নে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ | Daily AjKaler Kontho

শরীয়তপুরে সখিপুরের আরশিনগর ইউনিয়নে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
শরীয়তপুরে সখিপুরের আরশিনগর ইউনিয়নে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ

শরীয়তপুরের সখিপুরে জমি বিরোধের জেরে জোরপূর্বক ১৯টি গাছ কেটে নেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আবুল মোল্যা (৫০), আবজাল মোল্যা (২৭), সামসুদ্দিন মোল্যা (৬০), ছুনু মিয়া বেপারী (৪০), আলহাজ্ব ফকির (৪০), রাসেল মোল্যা (১৮) ও ইয়াকুব মোল্যা (৫০)-র বিরুদ্ধে।

২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের আরশিনগর ইউনিয়নের ফেলিরচর আজিজ হাওলাদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছায়েদ ফকিরের অভিযোগ, ৪৯নং ফিলিসচর মৌজার বিআরএস ২০২৬-১০০০০২নং খতিয়ানে ২৫৬৩নং দাগের ২০ শতাংশ বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা গাছগুলো কেটে নেয়। এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী ছায়েদ ফকিরের। এ ঘটনায় সখিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযুক্ত আবুল মোল্যা বলেন, জমির কাগজপত্র তাঁদের নামে থাকায় তাঁরা গাছ কেটেছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি