অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার চার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশের অভিযোগ | Daily AjKaler Kontho

অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার চার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশের অভিযোগ


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার চার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশের অভিযোগ

বন্যাপ্রবণ কুড়িগ্রামে দুর্গত মানুষের জীবন বাঁচানো ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল চারটি রেসকিউ বোট। অথচ প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও মানুষের সেবায় কার্যকরভাবে ব্যবহারের পরিবর্তে বোটগুলো পড়ে রয়েছে ধরলা নদীর বালুচরে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন অংশ। এমনকি বোটের কিছু যন্ত্রাংশ উধাও হওয়ার অভিযোগও উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের ধরলা নদীর অববাহিকার শুকনো বালুচরে পড়ে রয়েছে চারটি রেসকিউ বোট। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় সেগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেই নিয়মিত ব্যবহার, নেই দৃশ্যমান রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। সরকারি অর্থে কেনা এসব উদ্ধারযানের এমন দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেলেই প্রতিবছর বন্যার কবলে পড়েন জেলার হাজার হাজার মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে প্লাবিত হয় চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েন অসংখ্য পরিবার। অনেক সময় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় উঁচু স্থান কিংবা আশ্রয়কেন্দ্রে। বিচ্ছিন্ন হয়ে পড়ে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা।

এমন পরিস্থিতিতে দুর্গত মানুষকে উদ্ধার এবং তাদের কাছে জরুরি ত্রাণ পৌঁছে দিতে রেসকিউ বোটের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এসব বোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বাস্তবে কোটি টাকা ব্যয়ে কেনা উদ্ধারযানগুলো পড়ে রয়েছে নদীর বালুচরে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোটগুলো কেনার পর থেকে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় এগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু সরকারি অর্থ ব্যয় করে উদ্ধারযান কেনাই যথেষ্ট নয়, সেগুলো সচল রাখতে নিয়মিত দেখভাল, প্রয়োজনীয় মেরামত এবং পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করাও জরুরি।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, কুড়িগ্রামে প্রতিবছর বন্যা হয়। তখন অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। তাদের উদ্ধার করতে নৌযানের প্রয়োজন হয়। অথচ সরকারি টাকায় কেনা বোটগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। বন্যার সময় এগুলো কাজে লাগানো গেলে মানুষের অনেক উপকার হবে।

হামিদুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, বোটগুলো দ্রুত মেরামত করে ব্যবহারের উপযোগী করা হোক। একই সঙ্গে এগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ব্যবস্থা করা দরকার। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের বন্যা কিংবা অন্য কোনো দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ এসব উদ্ধারযান কোনো কাজে আসবে না।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রয়োজনীয় লোকবল ও বরাদ্দ না থাকায় বোটগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ কিংবা সচল রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বোটগুলোর বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেবে। পাশাপাশি বোট পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবল ও বরাদ্দ নিশ্চিত করা হবে। যাতে মানুষের জীবন বাঁচানোর জন্য কেনা সরকারি সম্পদ আর বালুচরে পড়ে থেকে নষ্ট না হয়।

আজকালের কন্ঠ/আর বি