
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে স্থগিত হওয়ার পর তিন কর্মকর্তা সহকারী অধ্যাপক পদে যোগদান করেছেন। রোববার (২২ নভেম্বর) তাঁরা নিজ নিজ বিভাগে যোগদান করেন।
যোগদানকারী তিনজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তাঁরা যথাক্রমে মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত। ওই আদেশের পরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ ওঠে।
মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের আরেক প্রার্থী ড. মো. শামসুজ্জোহা ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা ও গবেষণাপত্র প্রকাশের শর্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২১ সালের অভিন্ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে নতুন করে যোগদানের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত হওয়ায় তাঁদের যোগদানে আর আইনি বাধা নেই।
যোগদানকারী তিনজনই পবিপ্রবির সাবেক শিক্ষার্থী। তাঁদের দাবি, শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তাঁরা মেধাতালিকায় স্থান অর্জন করেছেন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর শিক্ষক হওয়ার আগ্রহ থেকে ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন।
এদিকে, তাঁদের নিয়োগ ঠেকাতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে রিট আবেদন ও সংবাদ প্রকাশের অভিযোগও উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :