
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি শহরের টাউন স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নাজিরপুরসহ দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। এসময় তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর বনগ্রাম ও মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
আজকালের কন্ঠ/ আর এস
আপনার মতামত লিখুন :