সাতক্ষীরার তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ | Daily AjKaler Kontho

সাতক্ষীরার তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
সাতক্ষীরার তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরজন মতিউর হোসেন মোরসালিন। তিনি তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সেখান থেকে দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) তালা থানায় ১২ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৬৪ ধারায় রুজু করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি