ধনী হতে না পারার ৬ কারণ | Daily AjKaler Kontho

ধনী হতে না পারার ৬ কারণ


লাইফস্টাইল ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
ধনী হতে না পারার ৬ কারণ

ধনী হওয়ার স্বপ্ন সবারই থাকে। তবে জীবনের নানা ভুল সিদ্ধান্ত, আর্থিক পরিকল্পনার অভাব এবং কিছু অভ্যাসের কারণে অনেকের পক্ষেই সঞ্চয় গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় তো রয়েছেই। সব মিলিয়ে আয়ের একটি অংশ জমিয়ে রাখা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।

অযথা খরচ

প্রতিদিন বাইরে খাবার খাওয়া, বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই রেস্টুরেন্টে খাওয়া এবং অপ্রয়োজনীয় অনলাইন শপিং করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে খরচগুলোকে সামান্য মনে হলেও, এই ছোট ছোট খরচগুলোই জমে জমে মোটা অঙ্কে দাঁড়ায়। ধরা যাক, আপনি প্রতি সপ্তাহে অপ্রয়োজনে ১ হাজার টাকা খরচ করেন। বছরে এই খরচ ৫২ হাজার টাকায় পৌঁছায়! এই টাকাটা সঞ্চয় বা বিনিয়োগ করলে পাঁচ-দশ বছরে কত টাকা হয় নিশ্চয় বুঝতে পারছেন।

অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন

স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স, হইচই, দামি জিমের মেম্বারশিপ কিংবা বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন—এই খরচগুলো মাসের পর মাস বেতন থেকে কাটছে। যোগ করলে দেখা যাবে, সেই টাকার অঙ্কটাও কিন্তু নেহাত কম নয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এগুলো আদৌ কতটা প্রয়োজনীয়? নিজেকে প্রশ্ন করুন।

ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার

অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে বিলাসিতার জিনিস কেনেন যেগুলো না কিনলেও চলে। আপনি যদি মাসের শেষে পুরো টাকা পরিশোধ করতে না পারেন, তবে আপনাকে ক্রেডিট কার্ডের উপর উচ্চ হারে সুদ দিতে হয়। এতে পণ্যের আসল দামের চেয়ে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেলেন। এটাই ঋণের জালে জড়ানোর প্রথম ধাপ।

লোন নিয়ে দামি গাড়ি কেনা

খুব কম মানুষই পুরো টাকা নগদে দিয়ে গাড়ি কেনেন। বেশিভাগেই গাড়ি কেনে লোন নিয়ে। প্রতিমাসে সেই লোনের ইএমআই ভরতে হয়। মনে রাখবেন, ‘গাড়ির কিস্তি দিতে পারা’ মানেই ‘গাড়ি কেনার সামর্থ্য আছে’ এমনটা নয়। এছাড়া, গাড়ি একটি অবচয়যোগ্য সম্পদ। কেনার পর থেকেই গাড়ির দাম কমতে থাকে। ঋণ নিয়ে খুব বেশি দামি গাড়ি কিনে তার উপর সুদ দেওয়া মানে দ্বিগুণ লোকসান গোনা।

সাধ্যের বাইরে গিয়ে দামি ফ্ল্যাট কেনা

আয়ের তুলনায় দামি বাড়ি কেনা বড় ভুল। বিশাল বাড়ি বা ফ্ল্যাট কেনার মানে হল বেশি ট্যাক্স, বেশি রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি ইউটিলিটি বিল। বাড়ি কেনার আগে মাসিক কিস্তি ছাড়াও এই আনুষঙ্গিক খরচগুলোর কথা ভাবতে হবে।

অবসরের জন্য বিনিয়োগ না করা

ধনী হওয়ার মূল মন্ত্র হলো বিনিয়োগ। ট্যাক্স-সুবিধা পাওয়া যায় এমন অবসরের অ্যাকাউন্ট, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন।

আজকালের কন্ঠ/আর বি