মেসির জাদুতে নিউ ইংল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরল মায়ামি | Daily AjKaler Kontho

মেসির জাদুতে নিউ ইংল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরল মায়ামি


স্পোর্টস ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
মেসির জাদুতে নিউ ইংল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরল মায়ামি

একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ছিল স্বাগতিক নিউ ইংল্যান্ডের। মায়ামির রক্ষণে একের পর এক আক্রমণ চালালেও বিরতির আগে গোলের দেখা পায়নি তারা। ছয়টি শট লক্ষ্যে রাখা এবং পাঁচটি কর্নার আদায় করেও গোলশূন্য থাকতে হয় স্বাগতিকদের।

বিরতির পর অবশ্য ম্যাচে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মায়ামি। ৬৯ মিনিটে মেসির দারুণ এক অ্যাসিস্টে সমতায় ফেরে দলটি। সতীর্থকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়ার পর বাতাসে ভাসানো ক্রসে হেড করে বল বাড়িয়ে দেন তিনি। জার্মান বারতারাম সহজেই বল জালে জড়িয়ে সমতা ফেরান।

এরপর জয়সূচক গোলের দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নেন মেসি। ম্যাচের ৮৩ মিনিটে বক্সের সামনে তিন ডিফেন্ডারের বাধার মুখেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন তিনি। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

মেসির এই গোলটি তার পেশাদার ক্যারিয়ারের ৯৩৭তম। একই সঙ্গে ওপেন প্লে থেকে গোলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২২-এ, যা নতুন রেকর্ড।

ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউ ইংল্যান্ড। তবে অফসাইডের কারণে ইয়ান ফ্রের গোলটি বাতিল হওয়ায় স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় নিউ ইংল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। পাশাপাশি নিয়মিত মৌসুমে এক ম্যাচ হাতে রেখেই ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিত করেছে দলটি।

৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আগামী ৭ নভেম্বর নিজেদের মাঠে শার্লোট এফসির মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচ দিয়েই এমএলএসের চলতি মৌসুমের নিয়মিত পর্ব শেষ করবে দলটি।

ম্যাচ শেষে মায়ামি কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেন, ‘এটা আমাদের খেলোয়াড় ও ক্লাবের জন্য আনন্দের বিষয় যে, আমরাও অবদান রাখতে পারছি। আমরা এমন একটি ক্লাবে আছি, যারা ক্রমাগত উন্নতি করছে। আমাদের দলে নিবেদিতপ্রাণ খেলোয়াড় রয়েছে। আমাদের জেতা প্রয়োজন ছিল এবং আমরা কেমন দল হতে চাই, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম।’

আজকালের কন্ঠ/আর বি