সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বরে র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)রিপন বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন্নাহার, এবং জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র চাকুরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেওয়া এই ঋণের সঠিক ব্যবহার করে যুবকেরা নিজেরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি