
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় যুবদিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় যুব সমাবেশ, ১০টা ৫ মিনিটে যুব র্যালি, ১১টায় আলোচনা সভা, দুপুর ১২টায় যুবঋণের চেক বিতরণ, ১২টা ১০ মিনিটে গাছের চারা বিতরণ এবং ১২টা ৩০ মিনিটে যুব সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। উপজেলা পরিষদ চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদুন নবী।
সভাপতির বক্তব্যে মোঃ মাহমুদুন নবী বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। যুবকদের দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি প্রশাষক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :