নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ,কিশোরীদের চেক ও উপহার বিতরণ | Daily AjKaler Kontho

নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ,কিশোরীদের চেক ও উপহার বিতরণ


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ২:১২ অপরাহ্ন
নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ,কিশোরীদের চেক ও উপহার বিতরণ

“বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কিশোরীদের মধ্যে উপহারসামগ্রী ও চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিআরডিবির উপপরিচালক মোঃ নাজমুল আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, ওসি তদন্ত আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ. গোলাম রব্বানী বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। কিশোরীদের লেখাপড়া অব্যাহত রাখা, অল্প বয়সে বিয়ে না দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি