লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার | Daily AjKaler Kontho

লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ৩ জুয়াড়ি গ্রেফতার, মোবাইল উদ্ধার

নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার সময় ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে লালপুর থানাধীন সাদিপুর মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন—সাদিপুর মধ্যপাড়া মৃত আকবর আলী মালিথা ছেলে মোঃ ইমরান নাজির @ জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়া মোঃ আসলাম মন্ডল ছেলে মোঃ সোহাগ মিয়া (৩০), পালিদেহা খা পাড়া মৃত লরা খানের ছেলে মোঃ সোহেল মাহমুদ (৩৮) ,থানা লালপুর।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাদিপুর মধ্যপাড়া সাকিনস্থ ধৃত আসামী ইমরান নাজিরের টিনসেড বিল্ডিংয়ের পূর্ব দুয়ারী ঘরের ভেতর অভিযান চালান। এ সময় অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ হাতেনাতে তাদের তিন জন কে আটক করা হয়।

এদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬/১৭/১৯/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের আজ সোমবার ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অনলাইন জুয়া ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।