
পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইব্রাহিম মোল্লা (৫০) নামে এক অটোচালককে পিটিয়ে হাত ভেঙে দেওয়া ও চোখে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম মোল্লা ওই গ্রামের মৃত সেকান্দর মোল্লার ছেলে।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক জমির দখল নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে ইব্রাহিম মোল্লার বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে জামাল মৃধা (৬০), মিজান মৃধা (৪৫) ও হাসিব (১৮)সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় বেধড়ক মারধরে তার বাম হাত ভেঙে যায় এবং বাম চোখ গুরুতর জখম হয়।
পরে আহত অবস্থায় ইব্রাহিম মোল্লা দুমকি থানায় গেলে পুলিশ তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জামাল মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনার দিন আহত ব্যক্তি থানায় এসেছিলেন। তার শারীরিক অবস্থা দেখে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :