মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক | Daily AjKaler Kontho

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি : ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, মেয়র পদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচন করতে প্রস্তুত আছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় পদত্যাগের ঘোষণায় তিনি জানান, তাকে টার্গেট করা হয়েছিল এবং দলকে বিব্রত করতে চান না বলেই পদ থেকে অব্যাহতি নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন করার ইস্যুতে এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে অবশ্যই প্রার্থী হব।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন ইশরাক। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী এবং সেখানেই ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন।