কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা


কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘পর্যটন কার্নিভাল-২৬’ আয়োজনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস ইউথ ইন অডিটোরিয়ামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সামীমুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. গনী উল আজম।

এ ছাড়া পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় কুয়াকাটার পর্যটন সম্ভাবনা, পর্যটকদের নিরাপত্তা, পর্যটনসেবার মানোন্নয়ন, আবাসন ও বিনোদন ব্যবস্থার উন্নয়নসহ কার্নিভালকে সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ী, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও অন্যান্য সেবাখাতের প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় জানানো হয়, আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভাল-২৬’ কুয়াকাটায় অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরা এবং পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।