সরাইলে প্রবাসীর চলাচলের পথ আটকে দোকান নির্মাণের অভিযোগ | Daily AjKaler Kontho

সরাইলে প্রবাসীর চলাচলের পথ আটকে দোকান নির্মাণের অভিযোগ


মোঃ ইসমাইল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সরাইলে প্রবাসীর চলাচলের পথ আটকে দোকান নির্মাণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম বুড্ডা (৬ নং ওয়ার্ড) গ্রামে প্রবাসী কাজী এফরানউদ্দীনের নিজ জমিতে যাতায়াতের পথ অবরুদ্ধ করে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত নূর আহমদের ছেলে শামিম মিয়া। ভুক্তভোগী কাজী এফরানউদ্দীন (পিতা: মৃত মোতালিব) বর্তমানে সৌদি আরবে কর্মরত। তিনি এ ঘটনায় সরাইল উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ ও সুষ্ঠু সমাধান দাবি করেছেন।

ভুক্তভোগী প্রবাসী কাজী এফরানউদ্দীন মোবাইল ফোনে জানান, নিজ মালিকানাধীন জায়গায় যাতায়াতের জন্য ব্যবহৃত একমাত্র পথটির সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণকাজ শুরু করেছেন শামিম মিয়া। এতে আমার জমিতে যাতায়াতের মূল পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাঁধা দিলে এবং পথ ছাড়তে বললে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

তিনি আরও বলেন,”প্রবাসী হওয়ার সুযোগে এবং আমি দেশে না থাকায় শামিম মিয়া জোরপূর্বক আমার যাতায়াতের একমাত্র রাস্তা আটকে সরকারি জমিতে দোকান তুলছেন। প্রতিবাদ করায় আমার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার ও চলাচলের পথটি উন্মুক্ত রাখার জোরালো আবেদন জানাচ্ছি।”

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত শামিম মিয়া। সরেজমিনে গিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমি এফরানের জায়গায় যাওয়ার পথ বন্ধ করিনি। আমার নির্মিত দোকানের সাথে তার চলাচলের কোনো সম্পর্ক নেই। তার জমিতে গাড়ি বা ডিস্ট্রিক্ট ট্রাক চলাচলের মতো যথেষ্ট বড় রাস্তা আলাদাভাবে রয়েছে। আমার বিরুদ্ধে হুমকি দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, চলাচলের পথ বন্ধ হওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টি সুষ্ঠু মীমাংসার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর এস