কুড়িগ্রামে নানা আয়োজনে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে নানা আয়োজনে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
কুড়িগ্রামে নানা আয়োজনে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার, ৩ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ওলামা দলের আহ্বায়ক ডা. ফজলুল হক আমিনীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক সংকট ও আন্দোলনে ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আলেম-ওলামাদের সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা ওলামা দলের সদস্য সচিব ইউনুছ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

এ ছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা।

বক্তারা ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করার পাশাপাশি বিএনপির মূলধারার কর্মসূচিতে সংগঠনটির অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপি, ওলামা দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি