রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু রাফি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বাড়ির আশপাশে থাকা পুকুর ও জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইজার উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন এবং বলেন, ঘটনাটি জানতে পেরেছি এবং পুলিশ পাঠিয়েছি।

আজকালের কন্ঠ/আর বি