র‌্যালি-বৃক্ষরোপণে নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন | Daily AjKaler Kontho

র‌্যালি-বৃক্ষরোপণে নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন


নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:০৩ অপরাহ্ন
র‌্যালি-বৃক্ষরোপণে নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ক্লাবের উদ্যোগে এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সমন্বয়ে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেলবন্ধন গড়ে তোলা। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা অর্জন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এ খাতের প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদা। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী অংশ নেন।

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলোতে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।

আজকালের কন্ঠ/আর বি