গলাচিপায় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময় | Daily AjKaler Kontho

গলাচিপায় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়


নিশাদ মাহমুদ, গলাচিপা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২:১৭ অপরাহ্ন
গলাচিপায় জনপ্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

​পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাঠপর্যায়ের জনপ্রতিনিধিরা তাদের এলাকার উন্নয়নমূলক নানা সমস্যার পাশাপাশি প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

সভায় ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক মর্যাদা হারানোর ক্ষোভ প্রকাশ করেন একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাদের দাবি, মাঠপর্যায়ে কাজের পরিবেশ জটিল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছেন না তারা।

​একই সাথে চরম বৈষম্যের অভিযোগ তোলেন পরিষদগুলোর সংরক্ষিত নারী সদস্যরা। তিন ওয়ার্ডের দায়িত্ব পালন করলেও তারা পুরুষ সদস্য ও ইউপি থেকে উপযুক্ত সম্মান এবং ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না বলে অভিযোগ জানান। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

​অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের কাছে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জোর দাবি জানান।

জনপ্রতিনিধিদের সব অভাব-অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব সহকারে শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি ধাপে ধাপে সব সমস্যার সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেন এবং সবাইকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

​উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টারসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আজকালের কন্ঠ/আর বি