
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণের সময় ৮ জেলেসহ ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।
পরে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে জেলেদের উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :