
লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে রণজিত পাল নামে এক ব্যবসায়ীকে ঢাকায় আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নেওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় অভিযান চালিয়ে রণজিত পালকে আটক করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন ও জেলা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সমীর কর্মকার।
আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের ‘পাল শিল্পালয়’-এর স্বত্বাধিকারী। তিনি শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়।
ক্ষতিগ্রস্ত জুয়েলারি ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে স্বর্ণের ব্যবসা করে আসছেন রণজিত। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে বিভিন্ন জুয়েলারি ব্যবসায়ী তাঁকে স্বর্ণালংকার দিতেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকানে যান। প্রতিবারই গ্রাহককে দেখানোর কথা বলে স্বর্ণালংকার নেন। পরে গহনাগুলো ফেরত না দিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। চার দোকান থেকে নেওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ২২ ভরি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর।
তমা শিল্পালয়ের স্বত্বাধিকারী পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিত পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে ঢাকায় আটক করেছে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, চার ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণসহ রণজিত পালকে ঢাকায় আটক করা হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
লক্ষ্মীপুর জেলা ডিবির ওসি আলমগীর হোসেন বলেন, ‘রণজিত পালকে ঢাকায় আটক করা হয়েছে। তাঁকে লক্ষ্মীপুরে আনা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :