সাতক্ষীরায় আইবিডব্লিউএফের উদ্যোক্তা সম্মেলন: সুদমুক্ত ব্যবসায় জোর দেওয়ার আহ্বান | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় আইবিডব্লিউএফের উদ্যোক্তা সম্মেলন: সুদমুক্ত ব্যবসায় জোর দেওয়ার আহ্বান


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৩:২২ অপরাহ্ন
সাতক্ষীরায় আইবিডব্লিউএফের উদ্যোক্তা সম্মেলন: সুদমুক্ত ব্যবসায় জোর দেওয়ার আহ্বান

সাতক্ষীরায় সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা ও ইসলামী শরিয়াহ মোতাবেক বাণিজ্য পরিচালনায় উৎসাহ যোগাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর উদ্যোগে এক মতবিনিময় ও ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের আল কুরআন একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে জেলার শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।​আইবিডব্লিউএফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মহিউদ্দীন মাহমুদের সভাপতিত্বে এবং আবুল কাশেমের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি প্রকৌশলী কাজী আবিদ হাসান। ​অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্লিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান, সংগঠনের জেলা সম্পাদক কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, ইকরামুল কবির, সাইফুল্লাহ, আব্দুর হামিদ, কাজী সালাউদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ ও মোস্তাফিজুর রহমান সহ অনেকে।​

সমাবেশে উপস্থিত বক্তারা ব্যবসা-বাণিজ্যে আমানতদারিতা, হালাল উপার্জন ও সততার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নৈতিক মানদণ্ড বজায় রেখে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ একটি ঘোষণার মাধ্যমে জানানো হয় যে, নতুন উদ্যোক্তা তৈরিতে ‘মাত্র ১০ হাজার টাকায় ব্যবসার সুযোগ’ শীর্ষক একটি বিশেষ সহায়তামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি