ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকের নাম-ছবি, অপপ্রচারের অভিযোগে থানায় জিডি | Daily AjKaler Kontho

ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকের নাম-ছবি, অপপ্রচারের অভিযোগে থানায় জিডি


নিজস্ব প্রতিনিধি(পটুয়াখালী) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকের নাম-ছবি, অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

ফেসবুকে ভুয়া আইডি খুলে নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালীর দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন। তিনি প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি এবং একটি জাতীয় দৈনিকের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা সাংবাদিক দেলোয়ার হোসেনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল খুলেছে। এসব আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বিভিন্ন পোস্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তার পরিচিতজনদের কাছেও বিভ্রান্তিকর বার্তা পাঠিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়, ভুয়া এসব ফেসবুক আইডির কর্মকাণ্ডে সাংবাদিক দেলোয়ার হোসেনের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে ভুয়া আইডি পরিচালনাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিতে আবেদন জানিয়েছেন তিনি।

সাংবাদিক দেলোয়ার হোসেন জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “সাধারণ ডায়েরিটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”