নেত্রকোনার শহীদ মিনারের স্বার্থে স্বেচ্ছায় জায়গা ছেড়েছেন দখলকারীরা: এমপি আনোয়ারুল হক | Daily AjKaler Kontho

নেত্রকোনার শহীদ মিনারের স্বার্থে স্বেচ্ছায় জায়গা ছেড়েছেন দখলকারীরা: এমপি আনোয়ারুল হক


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
নেত্রকোনার শহীদ মিনারের স্বার্থে স্বেচ্ছায় জায়গা ছেড়েছেন দখলকারীরা: এমপি আনোয়ারুল হক

প্রায় ৪৫ বছর পর দখলমুক্ত হলো নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথ। দীর্ঘদিন ধরে প্রবেশপথের সামনে থাকা দুটি দোকানঘর আজ দুপুরে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অপসারণ করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ও দত্ত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. আনোয়ারুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক নূরুজ্জামান নূরুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডা. আনোয়ারুল হক বলেন, শহীদ মিনারের জায়গাটি দত্ত উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে দুটি দোকানঘর থাকায় জাতীয় দিবসগুলোতে মানুষের চলাচলে সমস্যা ও ভিড়ের সৃষ্টি হতো। কাগজপত্র যাচাইয়ের পর জায়গাটির মালিকানা বিদ্যালয়ের বলে নিশ্চিত হওয়া যায়। তিনি আরও বলেন, দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তাঁরা শহীদ মিনারের স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় জায়গাটি ছেড়ে দিয়েছেন। ফলে কোনো আইনি জটিলতায় যেতে হয়নি।

তিনি আরও জানান, দোকানঘর অপসারণের পর শহীদ মিনারের সৌন্দর্যবর্ধন, সংস্কার ও একটি সুন্দর গেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটি আরও উন্মুক্ত ও দর্শনার্থীবান্ধব করা হবে।

দীর্ঘদিন পর শহীদ মিনারের প্রবেশপথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

আজকালের কন্ঠ/আর বি