
লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের অভিযোগ নিয়ে কয়েক দফা সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের নজরে এসেছে বিষয়টি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেখানে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে একটি মামলায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া ও আদায় করা হয়েছে।
অভিযানকালে নদী ও আশপাশের এলাকায় বালু পরিবহনের মাধ্যমে বাঁধ ও স্লুইসগেটের ক্ষতিসাধনকারী বিভিন্ন পাইপ ও যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সরকারি আইন মেনে কার্যক্রম পরিচালনা এবং ঘাট এলাকার পরিবেশের ক্ষতি না করার বিষয়ে সচেতন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মজু চৌধুরীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বালু মজুদ ও পরিবহনকে কেন্দ্র করে সরকারি জমি ব্যবহার এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অভিযানে সদর উপজেলা ভূমি অফিস, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌপুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ সার্বিক সহযোগিতা করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় মজু চৌধুরীর ঘাটসহ সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :