Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ , ৭:৫৪ অপরাহ্ণ

কয়েক দফা সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের নজরে মজু চৌধুরীর ঘাটের অবৈধ বালু ব্যবসা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের অভিযোগ নিয়ে কয়েক দফা সংবাদ প্রকাশের পর অবশেষে প্রশাসনের নজরে এসেছে বিষয়টি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেখানে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে একটি মামলায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া ও আদায় করা হয়েছে।

অভিযানকালে নদী ও আশপাশের এলাকায় বালু পরিবহনের মাধ্যমে বাঁধ ও স্লুইসগেটের ক্ষতিসাধনকারী বিভিন্ন পাইপ ও যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সরকারি আইন মেনে কার্যক্রম পরিচালনা এবং ঘাট এলাকার পরিবেশের ক্ষতি না করার বিষয়ে সচেতন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মজু চৌধুরীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বালু মজুদ ও পরিবহনকে কেন্দ্র করে সরকারি জমি ব্যবহার এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অভিযানে সদর উপজেলা ভূমি অফিস, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌপুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় মজু চৌধুরীর ঘাটসহ সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন