
রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় দিনা বেগম (৩৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৩০) আগস্ট দিবাগত রাতের দিকে শ্যামপুর সংলগ্ন ঢাকা হাইওয়ে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিনা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পুলিশ লাইন তাগার পাড় এলাকার মৃত আব্দুল কাদেরের মেয়ে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শহিদুল ইসলামের কাছ থেকে জানা গেছে, দিবাগত রাত ১২.৪০ মিনিটের দিকে শ্যামপুর এলাকার ঢাকা হাইওয়েতে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটো রিকশা দিনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শহিদুল ইসলাম রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ২.১০ মিনিটের দিকে জানান দিনা বেগম আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :