দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর | Daily AjKaler Kontho

দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
দেবিদ্বারে অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শত্রুতার জেরে এক অবসরপ্রাপ্ত সৈনিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার থানার এসআই অপু বড়ুয়া বাদী হয়ে গত ২ আগস্ট ২০২৬ তারিখে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা নং-০৪ দায়ের করেন। মামলায় দেবিদ্বার উপজেলার ৯ নম্বর উত্তর গুনাইঘর ইউনিয়নের বাকসার গ্রামের ৫৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত সৈনিক মো. ছিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ আগস্ট ২০২৬ দেবিদ্বার থানাধীন ২ নম্বর ইউসুফপুর ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ একটি সংগঠনের নামে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ ভিডিও ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে ছিদ্দিকুর রহমানকে আসামি করেছে।

তবে এলাকাবাসীর দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও শত্রুতামূলক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, যে স্থানে মিছিল হয়েছে, তা ছিদ্দিকুর রহমানের বাড়ি থেকে অনেক দূরে। তাঁদের দাবি, তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

স্থানীয়দের ভাষ্য, ছিদ্দিকুর রহমান বা তাঁর পরিবারের সদস্যদের কোনো রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার ইতিহাস নেই। বরং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন।

এলাকাবাসী অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপরাধ ব্যক্তিকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তদন্ত চলছে। তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি