রাণীনগরে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রাণীনগরে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
রাণীনগরে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। তথ্য সংগ্রহকারী পদে প্রায় ৭ শতাধিক এবং সুপারভাইজার পদে ১১৭ জন আবেদন করেন। বিপুল সংখ্যক প্রার্থীর উপস্থিতিতে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে খট্টেশ্বর, কাশিমপুর, গোনা, পারইল, একডালা, মিরাট, বড়গাছা ও কালিগ্রাম ইউনিয়নের প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের সুপারভাইজার পদে আবেদনকারীদেরও একই দিনে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের পাশাপাশি মোবাইল ডাটাসহ স্মার্টফোন বা ট্যাবলেট সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় যোগ্য স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলেই আমরা প্রত্যাশা করি।

এদিকে, পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীদের কথা বিবেচনা করে রাণীনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। সংগঠনটির নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের হাতে বোতলজাত বিশুদ্ধ পানি তুলে দেন। গরম আবহাওয়ার মধ্যে এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান অনেক পরীক্ষার্থী।

আজকালের কন্ঠ/আর বি