নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর | Daily AjKaler Kontho

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর

জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতকরণ ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র‌্যাবিস (জলাতঙ্ক প্রতিরোধী) ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়-এর হাতে এই ভ্যাকসিন হস্তান্তর করেন।

ভ্যাকসিন হস্তান্তরকালে সংসদ সদস্য জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে শেয়াল, কুকুরসহ বিভিন্ন বন্য ও গৃহপালিত প্রাণীর বিচরণ ও উপদ্রব বৃদ্ধি পায়, ফলে প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনাও তুলনামূলকভাবে বেড়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে জলাতঙ্কের মতো শতভাগ প্রাণঘাতী রোগ প্রতিরোধে পর্যাপ্ত অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন মজুত রাখা অত্যন্ত জরুরি। কুকুর ও শেয়াল ছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিড়াল, বানরসহ অন্যান্য প্রাণীর কামড় বা আঁচড়ের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সংরক্ষণ ও সহজলভ্য হওয়ার ফলে এখন থেকে প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা দ্রুত ও বিনামূল্যে সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে এলাকায় জলাতঙ্কজনিত মৃত্যুর ঝুঁকি বহুলাংশে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বাস্থ্যের উন্নয়ন ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ নাসিরনগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ভবিষ্যতেও স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সচেতনতার বার্তা:

কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে ক্ষতস্থান সঙ্গে সঙ্গে প্রবহমান পরিষ্কার পানি ও সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর আর কোনো দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো বিভ্রান্তিকর উপায়ে চিকিৎসা গ্রহণে বিলম্ব করবেন না। সময়মতো সঠিক নিয়মে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন গ্রহণই জলাতঙ্ক প্রতিরোধের একমাত্র ও সবচেয়ে কার্যকর উপায়।

আজকালের কন্ঠ/আর বি