পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর | Daily AjKaler Kontho

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং “উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থাটির পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন।

এ সময় পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা অনুষ্ঠানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, এই এমওইউয়ের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক কার্যক্রমের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও উচ্চশিক্ষায় নতুন সুযোগ সৃষ্টি হবে।

আজকালের কন্ঠ/আর বি