অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা, লক্ষ্মীপুরে ৩ হাসপাতালের জরিমানা | Daily AjKaler Kontho

অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা, লক্ষ্মীপুরে ৩ হাসপাতালের জরিমানা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা, লক্ষ্মীপুরে ৩ হাসপাতালের জরিমানা

লক্ষ্মীপুর শহরের তিনটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও এক্স-রে ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। লাইসেন্স সংক্রান্ত অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালিত এ অভিযানে বারাকাহ মাল্টিকেয়ার হাসপাতাল, উপশম হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং লক্ষ্মীপুর মা ও শিশু প্রাইভেট হাসপাতাল-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর কয়েকটিতে প্রয়োজনীয় লাইসেন্সের ঘাটতি রয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা প্রদান করে রোগীদের স্বাস্থ্য ও ভোক্তাদের জীবনের ঝুঁকি সৃষ্টি করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আইন মেনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উদ্বুদ্ধ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি