
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের পথচারী, হাটে আসা ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষের সুবিধার্থে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে জলধারা ক্যাফে। কপোতাক্ষ নদীর তীরে ক্যাফে প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে খোলামেলা গোলপাতার ছাউনি, যেখানে যে কেউ রোদ কিংবা বৃষ্টির সময় আশ্রয় নিতে পারেন। জানা যায়, প্রতি বুধবার ও শনিবার পাটকেলঘাটা বাজারে সাপ্তাহিক হাট বসে। এ সময় দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ বাজারে আসেন। হঠাৎ বৃষ্টি কিংবা তীব্র রোদের কারণে অনেকেই দুর্ভোগে পড়েন। তাদের কথা বিবেচনায় রেখেই নির্মাণ করা হয়েছে এই উন্মুক্ত বিশ্রামস্থল।
ক্যাফে কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বিকেল ৫টার পর ক্যাফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলেও দিনের অন্যান্য সময় গোলপাতার ছাউনিটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকে। ফলে পথচারী, ভ্রমণপিপাসু, বাজারে আসা মানুষ এবং স্থানীয় বাসিন্দারা এখানে বসে বিশ্রাম নিতে, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এবং প্রয়োজনে রোদ-বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারেন। সবজি বিক্রেতা ইসমাইল বলেন, “হঠাৎ বৃষ্টি এলে আমরা মালামাল ঢেকে গোলপাতার ছাউনির নিচে আশ্রয় নিই। জায়গাটা খোলামেলা হওয়ায় নিজেদের নিরাপদও মনে হয়।”
সবজি ক্রেতা আব্দুল করিম বলেন, “আগের তুলনায় এখন জায়গাটা অনেক সুন্দর ও পরিচ্ছন্ন হয়েছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। যারা এটি বাস্তবায়ন করেছেন, তাদের ধন্যবাদ জানাই।”
তবে বিকেল ৫টার পর জলধারা ক্যাফের নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় এবং সে সময় ক্যাফের অতিথিরা সেখানে বসে খাবার ও অন্যান্য সেবা গ্রহণ করেন। স্থানীয়দের মতে, জলধারা ক্যাফের এই উদ্যোগ শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; এটি সামাজিক দায়বদ্ধতারও একটি অনুকরণীয় উদাহরণ। এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং পথচারীদের জন্য স্বস্তির একটি নতুন ঠিকানা হয়ে উঠেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :