স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুভ উদ্বোধন


নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১:২৯ অপরাহ্ন
স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুভ উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবাসী ব্যবসায়ী ও সমাজকর্মী শাখাওয়াত হোসেনের আর্থিক সহযোগিতায় ও স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে শিশু চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে।

গতকাল সকাল সাড়ে দশটায় উপজেলার মিঠানালা ইউনিয়নের নুরপাড়া এলাকায় এই চিকিৎসা ক্যাম্প চালু করা হয়। সাংবাদিক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় ও স্বপ্নের মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মাওলানা নুরুল করিম ও নুরুল আনোয়ার চৌধুরী তপন। মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন কালে প্রধান অতিথি এডভোকেট সাইফুর রহমান বলেন, মিঠানালা ইউনিয়ন একটি গ্রামীন জনপদ। এখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তারের এখানে যথেষ্ট অভাব। প্রবাসী সাখাওয়াতের উদ্যোগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে নিয়মিতভাবে প্রতি মাসের প্রতি শুক্রবারে অর্থাৎ মাসে চার দিন এই চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এতে মিঠানালা ইউনিয়নের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা বঞ্চিত শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। এই মহৎ উদ্যোগকে স্থানীয় জনসাধারণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত তাকে সহযোগিতা করা।

প্রবাসী ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান তিনি প্রবাসে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি নিজের দেশে ফিরে এসে নিজ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু করার প্রয়াসে বিশেষ করে দরিদ্র শিশুদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এই চিকিৎসা ক্যাম্প চালু করেছেন। ফলে অত্র এলাকার দরিদ্র পরিবারের অবহেলিত শিশুদের অর্থের অভাবে বিনা চিকিৎসায় রোগ ভোগ করতে হবে না। এক্ষেত্রে তিনি স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি