
রক্ত মানুষের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জরুরি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় রক্তের অভাবে অনেক রোগী ও তাদের স্বজনকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে বিরল রক্তের গ্রুপের ক্ষেত্রে সংকট আরও বেশি দেখা যায়। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ ও রক্ত ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সরোয়ার উদ্দিন আনসারী।
দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রক্তদাতা সংগ্রহ, রক্ত ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। প্রয়োজনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত রক্তদাতা খুঁজে দেওয়ার চেষ্টা করেন তিনি।
রোগীর স্বজনদের মধ্যে জীবন মাহমুদের ভাষ্যমতে, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে সরোয়ার উদ্দিন আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এবং পরিচিত রক্তদাতাদের মাধ্যমে দ্রুত রক্ত সংগ্রহে সহযোগিতা করেন। অনেক সময় রাত কিংবা ভোরেও সাহায্যের আবেদন পেলে তিনি রক্তদাতা খুঁজে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহে তিনি বিভিন্ন এলাকার স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে সমন্বয় করে থাকেন। সম্প্রতি প্রতিদিন ৮ থেকে ১০ ব্যাগ রক্তের ব্যবস্থা করে দিয়ে আসছেন, তার এই উদ্যোগের ফলে একাধিক রোগী সময়মতো রক্ত পেয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে সক্ষম হন।
রক্ত ব্যবস্থাপনার পাশাপাশি সরোয়ার উদ্দিন আনসারী গত কয়েক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের তথ্যগত সহযোগিতা প্রদান করে আসছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মানবিক কাজে সম্পৃক্ত ব্যক্তিদের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসনীয়। তিনি নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করছেন।
সরোয়ার উদ্দিন আনসারী বলেন, মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় কাজ খুব কমই আছে। একজন রোগী সময়মতো রক্ত পেয়ে সুস্থ হয়ে উঠলে সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই, আরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুক।
স্থানীয় স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠকদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও মানবসেবায় উৎসাহিত করে।
নিঃস্বার্থ মানবসেবা, রক্তদান কার্যক্রমে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সরোয়ার উদ্দিন আনসারী অনেকের কাছে একটি পরিচিত ও আস্থার নাম হয়ে উঠেছেন। মানবতার কল্যাণে তার এই অবদান সমাজে স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :