ক্যান্সারযোদ্ধাদের পাশে ড. জেসমিন পারভীন সিমা, ৩৮ রোগী পেলেন আর্থিক সহায়তা | Daily AjKaler Kontho

ক্যান্সারযোদ্ধাদের পাশে ড. জেসমিন পারভীন সিমা, ৩৮ রোগী পেলেন আর্থিক সহায়তা


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
ক্যান্সারযোদ্ধাদের পাশে ড. জেসমিন পারভীন সিমা, ৩৮ রোগী পেলেন আর্থিক সহায়তা

ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে কুমিল্লার দেবিদ্বারে ৩৮ জন অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীকে নগদ অর্থ সহায়তা, ভেষজ গাছের চারা ও বিভিন্ন ফল-সবজির বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের মাঝে ক্যান্সার সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

বিকেল ৩টায় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে “রেইজ ইয়োর হ্যান্ডস ফর নিডস ক্যান্সার পেশেন্টস” গ্রুপের উদ্যোগে এবং “দেবিদ্বার উপজেলা জনকল্যাণ” সংঘের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান এবং দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্যান্সার আক্রান্ত রোগীদের শুধু ওষুধের প্রয়োজন হয় না, তাদের প্রয়োজন মানসিক শক্তি ও সামাজিক সমর্থন। ক্যান্সার মানেই শুধু শারীরিক কষ্ট নয়, এটি একটি পরিবারকে চরম অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দেয়। আপনারা নিজেদের রোগী নয়, যোদ্ধা হিসেবে ভাবুন। তাহলে ড. জেসমিন পারভীন সিমার মতো সুস্থ জীবনযাপনের সুযোগ পাবেন।”

ঢাকা বাংলা সরকারি কলেজের প্রফেসর ড. জেসমিন পারভীন সিমার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সমাজসেবক মো. মোজাফ্ফর আহমেদ, দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং ক্যান্সার আক্রান্ত মো. শাহ আলম।

অনুষ্ঠানে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন ডা. মো. আল আমিন ও ডা. মো. সাহেদ কামাল।

অনুষ্ঠানে উপস্থিত গলা, ফুসফুস, স্তন, জরায়ু, ব্লাড ও ব্রেইন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন ভেষজ ও ঔষধি গাছের চারা এবং নানা ফল ও সবজির বীজ বিতরণ করা হয়। এসব গাছের পরিচর্যা ও ব্যবহার সম্পর্কেও রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সহায়তা নিতে আসা এক বৃদ্ধ ক্যান্সার রোগীর স্বজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ক্যান্সারের চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমরা দিশেহারা। এই কঠিন সময়ে কেউ এভাবে পাশে দাঁড়াবে, তা ভাবিনি। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”

সভাপতির বক্তব্যে ড. জেসমিন পারভীন সিমা বলেন, “আমি নিজেও একজন ক্যান্সারযোদ্ধা। নিজের অভিজ্ঞতা থেকে সমাজের প্রতি ক্ষুদ্র দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র। এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারা এবং তাদের সংগ্রামে অংশ নিতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে কোনো ক্যান্সার রোগী নিজেকে একা মনে করবেন না।”

বিকেলে শুরু হওয়া অনুষ্ঠানটি সন্ধ্যার আগে শেষ হলেও উপস্থিত সবার মাঝে মানবতা, সহমর্মিতা ও আশার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেয়। মানবিক এই উদ্যোগ দেবিদ্বারের অসহায় ক্যান্সার রোগী ও তাদের পরিবারের মনে নতুন আশার সঞ্চার করেছে।

আজকালের কন্ঠ/আর বি