সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী ও মাদকদ্রব্য মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী ও মাদকদ্রব্য মালামাল জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী ও মাদকদ্রব্য মালামাল জব্দ

অদ্য ১৯ মে ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, কাকডাঙ্গা, কালিয়ানী, চান্দুরিয়া ও কুশখালি বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেনু পোনা, শাড়ি, ঔষধসহ ১৯০ বোতল নেশা জাতীয় সিরাপ আটক করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন সিরামপুর নামক স্থান হতে ৪,০০০/-টাকা মূল্যের ভারতীয় উইনকোরেক্স কফ সিরাপ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কুলিয়া রোড নামক স্থান হতে ৩,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৫ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ২,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কলিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৯/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন খৈতলা নামক স্থান হতে ২,৬০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কলমোড় নামক স্থান হতে ৬,৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১২ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ৭২,০০০/-টাকা মূল্যের ভারতীয় Eskuf Syrup আটক করে।

আভিযানিক দল সর্বমোট=১৫,৩১,০০০/- (পনেরো লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যের চোরাচালানী ও মাদকদ্রব্য মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি